মা ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা শেষে ২২ দিন পর বৃহস্পতিবার মধ্য রাত থেকে নদী ও সাগরে মাছ ধরা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলেরা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছেন।
ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে মাছঘাট। তবে লক্ষ্মীপুরের জেলেরা প্রথম দিনে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পাওয়ায় হতাশ। তাই বাজারে ইলিশের দামও খুব একটা কমেনি।
বর্তমানে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকার বেশিতে। নোয়াখালীতেও মাছঘাটে জেলেরা মাছ নিয়ে ফিরেছেন, কিন্তু বিদ্যুতের সমস্যা কারণে বরফকলে উৎপাদন কম হওয়ায় আড়তদারদের জন্য পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।
পটুয়াখালীতে জেলেদের জালেও আশানুরূপ মাছ ধরা পড়েনি। ছোট ট্রলারে বঙ্গোপসাগরে যাওয়া বেশিরভাগ জেলেরা তুলনামূলক কম ইলিশ নিয়ে ফিরেছেন।
এদিকে, চাঁদপুর-শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে ঝাঁকে-ঝাঁকে ইলিশ ধরা পড়ায় তাদের মুখে হাসি ফুটেছে। প্রথম দিনেই পর্যাপ্ত ইলিশ মেলায় ভালো মৌসুমের আশা করছেন তারা।