দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে জেলেরা নৌকা ও জাল নিয়ে হ্রদে নামেন।
মাছ ধরা শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। জেলে পরিবারের মধ্যে স্বস্তি দেখা যাচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন মাছ পাওয়ার।
প্রতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন, যা মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় সহায়ক। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় ২৫ এপ্রিল মাছ শিকার বন্ধ করা হয়।
স্বাভাবিকভাবে ১ আগস্ট থেকে মাছ শিকার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়, ফলে মাছ শিকারের নিষেধাজ্ঞা দাঁড়ায় ৩ মাস ১৫ দিনে। এই সময়ে স্থানীয় বরফকলগুলোও বন্ধ ছিল।