প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, "দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
তিনি আরও জানান, "এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে।"
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, শহীদ সেনাসদস্যদের পরিবারের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এ ছাড়া, সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া, শহীদদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।