ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো ব্যবহার করে এবং ফটোকার্ডের আদলে দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই দুটি ফটোকার্ড ফেসবুকে দেখা গেছে, যা সম্পূর্ণরূপে ভুয়া বলে নিশ্চিত করেছে ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টও বিষয়টি যাচাই করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে প্রচারিত ভুয়া ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, “শেখ হাসিনার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২০ মিনিটের ফোনালাপ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ।” বাংলাফ্যাক্ট জানিয়েছে যে, প্রতিমন্ত্রী এমন কোনো মন্তব্য করেননি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনও এই ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
এছাড়া, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ হয়েছে, এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে। এই সময়ে, দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামীপন্থীরা এই মিথ্যা দাবি ছড়াচ্ছে।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নামে প্রচারিত বিভ্রান্তিকর ফটোকার্ডটিও ভুয়া বলে বাংলাফ্যাক্ট তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।
ভুয়া ফটোকার্ডের ব্যাপারে পাঠকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।