লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্রদল ও শিবির-সমর্থিত অংশগ্রহণকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় শিবির-সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বক্তব্য দেওয়ার সময় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন। তার বক্তব্যে আপত্তি জানিয়ে ছাত্রদল-সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনের নেতৃত্বে কয়েকজন অংশগ্রহণকারী হট্টগোল শুরু করেন।
পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার আবু তারেকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে সারোয়ার হোসেন বলেন, “আমি জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করে বক্তব্য দিচ্ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং হট্টগোল সৃষ্টি করেন। এটি কাম্য নয়।”
অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, “সারোয়ার হোসেন সরকারের বিরুদ্ধে কটূক্তি করেছেন। এ ধরনের মন্তব্য মেনে নেওয়া হবে না।”
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, “পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। শান্তিপূর্ণভাবে আলোচনা সভা শেষ হয়েছে।”
এদিকে, ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনীতে শেষ হয়।
সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। বক্তারা অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এবং তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।