লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতা জুয়েল হোসেন নীরবকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে উত্তর তেমুহনী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার ফিরোজ আলমের ছেলে এবং দালালবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক।
ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি এবং সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে। জানা গেছে, জুয়েলকে পেটানোর ঘটনায় সোমবার সন্ধ্যায় শাহেদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেওয়া হয়।
সেদিন রাতেই জুয়েলের বাবা শাহজাহান সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শাহেদসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, একটি মোবাইল কেনা-বেচাকে কেন্দ্র করে জুয়েল ও শাহেদের মধ্যে বিরোধ দেখা দেয়।
ঘটনার সূত্রপাত রোববার রাতে সাহাপুর এলাকায় একটি বৈঠকে হয়, যেখানে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে লাঠি দিয়ে পেটানো হয়। আহত অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে জুয়েল সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য গেলে শাহেদের নেতৃত্বে ফের তার ওপর হামলা চালানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, মামলার প্রধান অভিযুক্ত আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।