নাটোরের বাঁশিলা গ্রামে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নলডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ছাত্রদল কর্মী শাকিল হোসেন এবং ছাত্রদল কর্মী হিমেল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আক্তার হোসেন অটোরিকশা যোগে বাঁশিলা গ্রামের আক্কাশের মোড় এলাকায় পৌঁছালে হামলাকারীরা তাকে নামিয়ে নেয়।
হামলাকারীরা আক্তারকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করে। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার জাহান জানান, ভুক্তভোগী আক্তার হোসেনের বাবা এরশাদ আলী বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।