শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বে গুলি ছোড়া যুবক আটক

ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বে হামিদুল গাজী নামের যুবক আটক, দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ।

ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বে গুলি ছোড়া যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া যুবক মো. হামিদুল গাজীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, হামিদুল মুন্সিগঞ্জের লৌহজং থানার হলদিয়া গোয়ালিমান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে। গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় একটি খয়েরি রঙের প্রাইভেটকার নিয়ে আসেন তিনি। এ সময় তার সঙ্গে এক নারী ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে পথচারীদের সঙ্গে তার তর্কাতর্কি হয়।

একপর্যায়ে হামিদুল গাড়িতে বসেই সঙ্গে থাকা রিভলবার বের করে পথচারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে ভাঙ্গা থানা পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে।

পুলিশের বিশেষ ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১-এর সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানী এলাকা থেকে হামিদুল গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, হামিদুল ঘটনার দিন ব্যবহৃত অস্ত্রটি লৌহজংয়ে নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছিল। পরে সেখান থেকে একটি পয়েন্ট ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে হামিদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটির তদন্ত করছেন এসআই মোহাম্মদ মিজানুর রহমান। বর্তমানে হামিদুল গাজীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন