ফরিদপুরের ভাঙ্গায় ভাঙ্গা-ঢাকা-খুলনা মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে অজ্ঞাত যুবক এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটির মধ্যে দুজন আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের যাত্রী যুবক ও যুবতী গাড়ি পার্কিং করতে গিয়ে স্থানীয়দের সাথে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে যুবক গাড়িতে গিয়ে পিস্তল বের করে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
একটি ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যুবক উত্তেজিত কণ্ঠে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছুড়ে হুমকি দেন। গুলির শব্দ শোনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত পালিয়ে যায়। পরে যুবক প্রাইভেটকার নিয়ে খুলনা রোডে চলে যান। যাওয়ার সময় তিনি দাবি করেন, "আমি গোপালগঞ্জের চেয়ারম্যানের ছেলে।"
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, তিনি এই ঘটনার বিষয়ে অবগত নন এবং বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।