নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজন ক্যামেরাম্যানও রয়েছেন।
এ ঘটনা সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান।
গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। তাদেরকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তারা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে অনুষ্ঠানস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়, ফলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান এবং আহত হন।
স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদ নামে দুই হামলাকারীকে চিনতে পেরেছেন বলে জানান নজরুল। বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।