নোয়াখালীর বেগমগঞ্জে কান্নাকাটি ও ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ১৪ দিন বয়সি নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলা মিরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট সংলগ্ন বাজার বাড়িতে।
নবজাতক সৌরভ হোসেনের ছেলে। তার মা ফাতেমা বেগম (১৯) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে প্রেমের সম্পর্কের পর সৌরভের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।
সোমবার সন্ধ্যা থেকে নবজাতক নিখোঁজ হলে পরিবারের সদস্যরা ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথমে তিনি দাবি করেন, পেছন থেকে মাথায় আঘাত করে কেউ শিশুটিকে নিয়ে গেছে। পরে তিনি বলেন, জিনে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০টার দিকে ঘরে থাকা বৃষ্টির পানি সংরক্ষণের একটি প্লাস্টিকের ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ফাতেমা সন্তানকে ড্রামের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন।
তিনি জানান, নবজাতক কান্নাকাটি করতো, ঘুমাতে চাইত না এবং মাকে ঘুমাতে দিত না, মূলত এ কারণেই তিনি শিশুটিকে প্লাস্টিকের ড্রামে ফেলে দেন। বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।