নরসিংদীর বেলাবোতে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ আগস্ট) রাতে বাগানবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
বেলাবো থানার ওসি এস. এম. আমানউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে বেলাবো থানার কনস্টেবল শামসুল হক (৩০) এবং তিনজন স্থানীয় নাগরিক রয়েছেন। তারা হলেন উজ্জল মিয়া (৩৭), রকি (২৮) এবং বাদল (৩৭)।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ সদস্য শামসুল হক স্থানীয় কয়েকজনকে নিয়ে মাদক সেবন করছিলেন। বিষয়টি জানার পর স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের বেলাবো থানায় নিয়ে আসে এবং তাদের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা উদ্ধার করে।
ওসি এসএম আমানউল্লাহ জানান, আটককৃত চারজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।