নোয়াখালীতে পৃথক ঘটনায় এক বৃদ্ধ ও এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী ও বেগমগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। আহত দুজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকায় জামাল উদ্দিন নামের এক ব্যক্তির উপর গুলি চালায় দুর্বৃত্তরা। জামাল উদ্দিন জানান, তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
জামাল উদ্দিনের বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ ছিল জামাল উদ্দিনের। তবে হামলার সঙ্গে নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলার কারণ জানতে তদন্ত চলছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বড় নেওয়াজপুর গ্রামে ২৪ বছর বয়সী কামরুল হাসানকে গুলি করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কামরুল জানান, তিনি চট্টগ্রামে দর্জির কাজ করেন এবং দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছেন।
শনিবার বিকেলে খালাতো ভাই রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন তাঁদের পথরোধ করে গুলি ছোড়ে। এতে কামরুলের শরীরের ডান পাশে ও ডান বাহুতে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, কামরুলের শরীরে গুলির আঘাত রয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।