নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে জেলার চৌমুহনীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াছিন সেন্টু।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, গুলির ঘটনা ঘটে রাত পৌনে ১২টার দিকে, যখন আবুল কাশেম ও ইয়াছিন সেন্টু জাতীয় হকার্স মার্কেটের অফিস থেকে বের হচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা হাঁটতে হাঁটতে ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি করে। গুলির আঘাতে ইয়াছিন সেন্টুর বুকের বাম পাশে লাগে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি আবুল কাশেমকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ইয়াছিন সেন্টুর বুকে লাগে।