রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর (৫৫) নামে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী এবং ঢাকা নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী হিসেবে পরিচিত। তিনি মিরপুর–১ এর ব্লক বির ৩ নম্বর রোডের ১৭ নম্বর বাসায় বসবাস করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।
আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আশিক জানান, শুক্রবার বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মিরপুর-১১, রোড নং-২, ব্লক-বি এলাকার একটি চায়ের দোকানের সামনে বসা অবস্থায় স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও বাপ্পাসহ ৪ জন একটি প্রাইভেটকারে এসে আলমগীরের ওপর এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
আশিক বলেন, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান পাছায় গুলির আঘাত লাগে। প্রথমে তাকে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তিনি বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।