শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, টাস্কফোর্স কমিটি এ বিষয়ে কাজ করবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। মাদক নির্মূলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাদক চোরাচালানের রুটগুলোতে ক্যাম্প স্থাপনের ব্যবস্থা নেওয়া হবে। যৌথ বাহিনী অথবা সংশ্লিষ্ট বাহিনীগুলো এসব এলাকায় ক্যাম্প স্থাপন করবে।
এছাড়াও, নদীপথ ও সমুদ্রপথে মাদক চোরাচালান ঠেকাতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে স্থাপন করা ক্লোজড-সার্কিট ক্যামেরাগুলোর অনেকগুলো বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে। সেগুলো পুনরায় স্থাপন ও কার্যকর করার ব্যবস্থা নেওয়া হবে।
মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সংশোধিত আইনে ডগ স্কোয়াড গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের অস্ত্র সরবরাহ এবং সাব-ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়াও, দেশের প্রতিটি জেলায় মাদকদ্রব্য শনাক্তকরণ ও পরীক্ষার জন্য আলাদা ল্যাবরেটরি স্থাপনের বিষয়টিও আইনে রাখা হয়েছে।