চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে একটি পুলিশ একাডেমি ও কেন্দ্রীয় কারাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হটিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে। এখানে পুলিশ একাডেমি ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে।’
রোহিঙ্গাদের প্রত্যার্তনের প্রসঙ্গে তিনি জানান, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব। এই লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে।’
এছাড়া, রোহিঙ্গা অধ্যুষিত নোয়াখালী পাড়া এবং রঙ্গিখালি এলাকায় দুটি নতুন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘পাহাড় ঘেরা এসব এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঘটে থাকে। পুলিশের প্রতি জনআস্থা অর্জন করা হয়েছে এবং তা ধরে রাখা আমাদের দায়িত্ব।’