রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আজ বৃহস্পতিবার দুপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দুপুর দেড়টার দিকে প্রাইম পরিবহনের বাসটির এসি থেকে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুইটি ইউনিট বেলা ১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে এবং ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সম্পূর্ণ আগুন নির্বাপণ হয় ২টা ২ মিনিটে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বাসের বৈদ্যুতিক গোলযোগকে চিহ্নিত করা হয়েছে।