বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর কোড নিয়ে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
মোস্তাকুর রহমান জানান, বিগত সরকারের আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ার ফলে ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন। তিনি বলেন, "দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়, সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরের পুরো ডিপোজিটের এক-তৃতীয়াংশ লুট করে নিয়ে গেছে, এটা চুরি।"
সভায় বক্তারা জানান, দেশের বাজারে ডিজিটাল পেমেন্টে বাংলা কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়ছে। নগদ টাকা হাতে না থাকলেও ক্রেতারা সহজেই কেনাকাটা করতে পারছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, ছোট লেনদেন ডিজিটাল মাধ্যমে করলে সময় ও অর্থ সাশ্রয় হয়।
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান বলেন, "একটি স্মার্টফোন ও ডেটা ব্যবহার করে আমরা যদি ছোট লেনদেনগুলো ডিজিটালি করি, তাহলে সমাজ ক্যাশলেস লেনদেনের দিকে এগিয়ে যাবে।"
গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৩৬ শতাংশ জানিয়ে বলেন, এটি অশনি সংকেত। তিনি নতুন দুটি আইন প্রণয়ন ও ১৮ মাসের একটি উদ্যোগের কথা উল্লেখ করেন।
বর্তমান সরকারের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া, উপজেলা পর্যায়ে ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে প্রতিটি উপজেলা থেকে ১০ জন উদ্যোক্তা বাছাই করা হবে।
সভায় বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন জনপ্রিয় করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার কথা বলা হলেও বড় ব্যবসায়ীদের নিজ থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।