মরক্কোর রাবাতে অনুষ্ঠিত বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংস্থাটির মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের সদস্যরা।
বৈঠকে ফিফার মহাসচিব ও প্রশাসনের প্রতি সমর্থন জানানো হলেও, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার বর্জনের হুমকি অব্যাহত রয়েছে। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবের বিষয়ে ভুল স্বীকার করেছে ফিফা।
ফিফা জানিয়েছে, কাউন্সিল ও সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি, যা ভবিষ্যতে না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংস্থাটি আরো জানায়, এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সুশাসন ও কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
উয়েফা বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি বিবৃতিতে জানায়, তাদের দেওয়া শর্ত পূরণ হয়নি। ফিফার প্রতিযোগিতায় অংশ না নেওয়ার বিষয়ে উয়েফার সদস্য দেশগুলো তাদের শর্ত স্পষ্ট করেছে।
প্রথমত, বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ফুটবলকে বিকৃত করার কোনো উদ্যোগ নেওয়া হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে।
উয়েফা আরও দাবি করে, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তাদের আস্থা হারিয়েছে এবং এই অবস্থান এখনও বহাল রয়েছে। ফিফা সভাপতির অধীনে কর্মরত কয়েকজন ব্যক্তি ইনফান্তিনোর প্রতি সমর্থন জানালেও, এতে উয়েফার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।