ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের চাপায় দুই যুবক নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ফরিদপুরগামী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা এপাচি মোটরসাইকেলকে চাপা দেয়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) ঘটনাস্থলেই মারা যান।
এ সময় অপর আরোহী কাওসার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর (২২) গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর সাকুরা পরিবহন বাস ও মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।