রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকায় রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে শাহ মখদুম থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার গাজিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গত ৩ জুলাই বিকেলে বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর অপরাধ চক্রের সদস্যরা এক রিকশাচালককে মারধর করে এবং তার কাছ থেকে টাকা ছিনতাই করে।
ঘটনার পর ওই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়ে ওঠে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানায়, নগরীতে যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।