সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীতে পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মুমিন (৫০)। স্থানীয় সূত্রে জানা গেছে, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের একটি লাইনের মেরামত কাজ চলছিল।

প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করেই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন। কাজ চলাকালীন তারা বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।"

বিজ্ঞাপন