নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে মো. সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সিজান ইউনুছ ওরফে ইন্নু মিযার ছেলে।
নিহতের পরিবার জানায়, এলাকার মসজিদের ইমাম কাউছার সম্প্রতি একটি সামাজিক সংগঠন গঠন করেছেন। রাতে ওই সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য কাউছারের নেতৃত্বে সিজানকে ধরে নিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সিজানকে দ্রুত খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাউসার আহমেদ বলেন, সিজানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ছিল এবং তাকে সংশোধন করার চেষ্টা করা হচ্ছিল। তিনি জানান, স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সিজানকে মারধর করেছে।
সিজানের মৃত্যুর পর তার বড় ভাই বাবুর নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।