লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে ৭০ বছর বয়সী নজরুল ইসলামকে গুলি করার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে ডাকা সালিসি বৈঠকে নজরুলের নাতি আশিক তাকে গুলি করে। গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক ইসমাইল হোসেন ফারুকের ছেলে।
ঘটনার দিন সকালে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ফারুকের চাচা নজরুলসহ অন্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকের সময় ফারুকের স্ত্রী আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে ক্ষিপ্ত হয়ে আয়েশা মোবাইল ফোনে আশিককে বিষয়টি জানান। আশিক ঘটনাটি জানতে পেরে সন্ধ্যায় এলাকায় আসেন এবং বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুলকে গুলি করেন।
নজরুলের বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছে। ফারুক বলেন, 'আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে।' তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
গুলিবিদ্ধ নজরুল বলেন, 'ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিস বৈঠকে আয়েশা উত্তেজিত হয়ে উঠে। এর জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল জানান, 'আমরা তাকে এক্স-রে করতে বলেছি। এক্স-রে করার পর গুলি ভেতরে আছে কিনা বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী পাঠানো হয়েছে।'
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের জানান, 'ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'