রাজধানীর বংশালের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে জামায়াতের কর্মী কবির আহমেদ (৪৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি এবং ফুলবাড়িয়া এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, কবির আহমদের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, যা তার জীবনকে হুমকির মুখে ফেলেছে।
কবির আহমেদকে হাসপাতালে নিয়ে আসা আক্তার হোসেন বলেন, “আজ বিকেলের দিকে বংশাল থানাধীন ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকরা কবির আহমেদের কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় কবির আহমেদকে হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।