গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেছেন। একই সময়ে বিএনপি ও জামায়াতের পৃথক সমাবেশ আহ্বান করায় প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে ইউএনও শেখ জাবের আহমেদের ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী শহরের চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান, মিছিল এবং শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে। তবে ১৪৪ ধারা জারির সময় যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
ইউএনওর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরিশাল ইউনিয়নের দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাতে জুনদহ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যাতে অন্তত ৭ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চৌমাথায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি, একই সময়ে জামায়াতও কর্মসূচির ঘোষণা দেয়। এর ফলে এলাকায় উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।