সুনামগঞ্জের জামালগঞ্জে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, জামালগঞ্জ থানা-সংলগ্ন সড়কে দুপুরে স্থানীয় বিএনপির দুটি পক্ষ পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল দুটি জামালগঞ্জ থানার সামনে পৌঁছালে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ ও আবদুল মালিকের অনুসারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের নেতাকর্মীরা।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।