সুনামগঞ্জের জামালগঞ্জে শনিবার (৭ নভেম্বর) বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানার সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মাসুম তালুকদারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষ আলাদা দুটি র্যালি বের করে।
র্যালি দুটি সদর থানার সামনে মুখোমুখি হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা ধরে চলে। এতে দুই পক্ষের ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে দুই পক্ষই আলাদা অবস্থান করছে এবং তাদের মাঝে পুলিশ অবস্থান নিয়েছে।