নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ট্রলার ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বক্তাবলিতে এই সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ইটভাটায় বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সাথে স্থানীয় বিএনপির নেতা কাদের সিপাহীর বিরোধ চলছিল। সম্প্রতি কাদেরের সাথে যোগ দেন আওয়ামীলীগ নেতা সামেদ আলী।
উত্তেজনার পর সংঘর্ষ শুরু হলে সামেদ আলীর ছোট ছেলে গুলিবিদ্ধ হন। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন মোট ১০ জন। এছাড়া, দুটি বাড়ি ভাংচুরের মাধ্যমে মালামাল লুট করার খবর পাওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪২টি টেটা উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।