রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামের উপস্থিতিতে ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল পরিষ্কার এবং পুনঃখননকাজের উদ্বোধন করা হয়। তবে অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
সংঘর্ষের সময় পাল্টাপাল্টি স্লোগান, চেয়ার ছোড়াছুড়ি ও মঞ্চের সামনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার ফলে অনুষ্ঠানের বেশিরভাগ চেয়ার ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক নবী উল্লাহ নবী অভিযোগ করেন, বিনা আমন্ত্রণে ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বহিরাগত এবং আওয়ামী লীগ নেতাদের নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তিনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে, বিশৃঙ্খলার ঘটনায় ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, নিজেদের মধ্যে মারামারি করে কোনো সমাধান হবে না। বরং বহিষ্কার আর পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটবে। তিনি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান।