বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ।

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত আব্দুল্লাহ

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন মোহাম্মদ সিফাত আব্দুল্লাহ। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়েছিলেন।

মুক্তির সময়টি ছিল বুধবার (১৮ নভেম্বর) রাত ৮ টা। কারা অধিদফতরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে সিফাতকে মুক্তি দেওয়া হয়।

গত ৩ সেপ্টেম্বর গাছা এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন ৪ সেপ্টেম্বর তাকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়।

প্রথমে ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় দফায় জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুরের পর সিফাতের আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন