শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে।

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করে একটি গোয়েন্দা সংস্থা।

মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অপসারণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মুফতি রুহুল আমিন ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। এছাড়া, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে তাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। ওই দিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের জানালা ও দরজার ক্ষতি হয়।

সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানায়।

বিজ্ঞাপন