প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে নেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। তিনি উল্লেখ করেন, পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এই কারণে, কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি জানান, কিছু দেশের পক্ষ থেকে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে যারা সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তিনি জানান, যাওয়ার ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত পরিবারের প্রায় এক হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারপ্রধান আরো বলেন, যারা মালয়েশিয়া যাবে, তাদের খরচ ২ লাখ টাকার মধ্যে থাকবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বেলায়ও এ চেষ্টা চলছে এবং কয়েকটি দেশ নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মী নেবে বলে জানিয়েছে।