বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে

প্রধানমন্ত্রী বলেছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে।

তিনি বলেন, 'আমরা সকল শক্তি নিয়ে দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ ও শ্রমিক ভাই-বোনদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াব। ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের মানুষ তাদের উচিত জবাব দিয়েছিল, সামনের দিনেও একইভাবে তাদের উচিত জবাব দেওয়া হবে।'

আজ দুপুরে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'আজ যেহেতু জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই জনগণের সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছে।'

তিনি আরও বলেন, 'এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ জনগণকে রুখে দাঁড়াতে হবে।' প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 'যারা বিগত ১৫/১৬ বছরে দেশের অবস্থার পরিবর্তন করতে পারেনি, তারা সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়াচ্ছে।'

প্রধানমন্ত্রী বলেন, 'এই মিল কারখানাগুলো হচ্ছে দেশের মানুষের সম্পদ। এগুলো যদি ধ্বংস হয়ে যায়, প্রথমে ক্ষতিগ্রস্ত হবে খেটে খাওয়া মানুষ।'

মজুরি বোর্ড প্রসঙ্গে তিনি জানান, 'আমরা জানি শ্রমিক ভাই বোনদের মজুরি নিয়ে কিছু দাবি দাওয়া আছে। মজুরি বোর্ড গঠন করেছি এবং আগামী দুই এক মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করবে।'

তিনি বলেন, 'সরকার খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শুরু করে উত্তরের পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা গড়ে তুলতে চায়।'

এর আগে প্রধানমন্ত্রী মোংলায় অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন