ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি কার্যালয়ে হামলায় স্থানীয় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২৫ জনকে আটক করেছে। তবে এখনও কোনো মামলা দায়ের হয়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গতরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মিছিল থেকে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। হামলার সময় রাজু মোল্লা প্রাণ হারান।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয়দের মতে, মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, তিনটি মোটরসাইকেলে আগুন দেন এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।
হামলায় গুরুতর আহত রাজুকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সোহাগ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৪ বছর বয়সী রাজু মোল্লার বাড়ি নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন যে, রাজুকে একা পেয়ে মারধর ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।