শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর অঙ্গীকার: বাংলাদেশকে যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না করে

প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ নভেম্বরের অঙ্গীকারে দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলেন।

প্রধানমন্ত্রীর অঙ্গীকার: বাংলাদেশকে যেন তাঁবেদার রাষ্ট্রে পরিণত না করে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’

তিনি রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সিপাহী-জনতার বিপ্লবের চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে।’

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে, বাংলাদেশের মানুষ জাতীয় স্বার্থ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করেনি।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিল।’ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘১৯৭৫ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করে, যার ধারাবাহিকতায় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তাদের পরাজয় ঘটেছিল ১৯৭৫ সালের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘পরবর্তী সময়ে তারা দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, যা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে হয়েছে।’

তিনি তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, ‘একটি জাতির ইতিহাস কেবল অতীতের স্মৃতিচারণ নয়; সঠিক ইতিহাস একটি জাতির আত্মপরিচয় ও সম্মিলিত ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।’ তিনি আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম ৭ নভেম্বরের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা অর্জন একটি ঐতিহাসিক গৌরব, যা সমুন্নত রেখে স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব।’ তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক এই দিনে দেশপ্রেমিক ও গণতন্ত্রকামী মানুষের উচ্চারণ হোক-‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কেউ, সবার আগে বাংলাদেশ।’

বিজ্ঞাপন