জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদলকর্মী ওয়াসিমসহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২।
আদালত ৬ আগস্ট সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন এবং সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ২১ জন।
গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির মধ্যে ফজলে করিম অসুস্থ থাকায় তাকে হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নেওয়া হয়। আদালত তার সামনে অভিযোগ গঠনের আদেশ পড়েন।
আসামিদের বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে রয়েছে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সল আহমেদ শান্ত, মোহাম্মদ ফারুক, তানভীর সিদ্দিকী, সায়মন এবং রিদয় চন্দ্রকে হত্যার দুটি অভিযোগ। এছাড়া চট্টগ্রাম এলাকায় শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করায় আরেকটি অভিযোগ আনা হয়েছে।