মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধী দলের বাজেট ছাঁটাই প্রস্তাবে দূতাবাস বন্ধের শঙ্কা

বিরোধী দলের বাজেট ছাঁটাই প্রস্তাবে বাংলাদেশের দূতাবাস বন্ধ হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিরোধী দলের বাজেট ছাঁটাই প্রস্তাবে দূতাবাস বন্ধের শঙ্কা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রতীকী ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। এই প্রস্তাব কার্যকর হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় বিরোধী সদস্যরা ওই দাবি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেটের যৌক্তিকতা তুলে ধরেন খলিলুর রহমান। তিনি বলেন, "ছাঁটাই প্রস্তাব অনুযায়ী আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে।"

মন্ত্রী আরও জানান, "এতে প্রবাসীদের দেওয়া সকল সেবা বন্ধ হয়ে যাবে এবং জাতিসংঘের সদস্য হিসাবে আমরা বার্ষিক প্রদেয় অর্থ দিতে পারবো না, যার ফলে জাতিসংঘে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যেতে পারে।"

বর্তমানের পরিবর্তনশীল এবং ভূ-রাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই তার দূরদর্শী ও সক্রিয় কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে বলে উল্লেখ করেন তিনি।

খলিলুর রহমান বলেন, "আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে আমাদের কূটনীতির মূল চালিকাশক্তি এবং লক্ষ্য হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’।" তিনি প্রধানমন্ত্রীর ঐতিহাসিক মালয়েশিয়া ও চীন সফরের উদাহরণ দেন এবং বলেন, "বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আমাদের জনগণের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।"

বিজ্ঞাপন