যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেসে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেবেন, যার লক্ষ্য ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা বাতিল করা।
কাসার সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে অভিযোগ করেন, গাজায় ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলতে ভূমিকা রেখেছে। তিনি বলেন, 'মার্কিন জনগণের অর্থ গাজায় ইসরায়েলি সরকারের জন্য আরও অস্ত্র কেনায় ব্যয় করা উচিত নয়।'
৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের প্রস্তাবটি রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি উত্থাপন করেছেন। প্রস্তাবে প্রতি বছর ইসরায়েলকে দেওয়া এই অর্থ বাতিলের আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও, মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থায়ন বিলের আওতায় ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা অর্থও বাতিল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবটি চলতি সপ্তাহের শেষ দিকে প্রতিনিধি পরিষদে ভোটে তোলা হতে পারে।
ম্যাসি সম্প্রতি নির্বাচনে পরাজিত হয়েছেন। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রতিদ্বন্দ্বী এড গ্যালরেইনের কাছে হেরে যান।
ম্যাসির সংশোধনী মার্কিন কংগ্রেসে কতটা সমর্থন পাবে, তা এখনও স্পষ্ট নয়। তবে গাজা যুদ্ধ, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কংগ্রেসে যে মতপার্থক্য বাড়ছে, এই প্রস্তাব সেই বিতর্ককে আরও জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।