সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা হবে। দুপুর দেড়টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ এ রায় ঘোষণা করা হবে।
এটি বাংলাদেশের ইতিহাসে গ্রেপ্তার শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে প্রথম মানবতাবিরোধী অপরাধের রায়। বাংলাদেশ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে রায়টি।
হাসানুল হকের বিরুদ্ধে ৬ জনকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগসহ মোট ৮টি অভিযোগ রয়েছে। এর মধ্যে গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং শেখ হাসিনার সাথে ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হামলা করার পরামর্শ দেওয়ার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
গত ১৪ মে যুক্তিতর্ক শেষ হওয়ার পর সাড়ে ৫ মাসের বিচার প্রক্রিয়ার পর আদালত রায়ের জন্য অপেক্ষা করছেন। চিফ প্রসিকিউটর দাবি করেছেন, আওয়ামী লীগের নানা অপরাধের সহযোগী ইনুর বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তারা যথাযথ শাস্তির প্রত্যাশা করছেন।
অন্যদিকে, আসামির আইনজীবীরা দাবি করেছেন, ইনু হত্যায় উসকানি দেননি এবং রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে এবং আদালতে শেখ হাসিনার সাথে ইনুর বিভিন্ন কল রেকর্ড উপস্থাপন করা হয়েছে।