পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪৩ বছর বয়সী এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম অসীম বিশ্বাস, তিনি মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।
বিজিবির তথ্য অনুযায়ী, অসীম বিশ্বাস কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। শনিবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির একটি টহল দল সীমান্ত পাহারায় ছিল। রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
টহল দলের সদস্যরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে ১৫০ গজ ভেতরে ঘোরাঘুরি করতে দেখে এবং অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার সময় হাতেনাতে আটক করে। পরে, আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে এবং তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, "আমাদের টহল দল সীমান্তে সদা তৎপর রয়েছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাকে আটক করা হয়। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।"