জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর রায়েরবাজার গণকবরে বিশেষ দোয়া মোনাজাত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৫ আগস্ট) সকালে তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গণকবরে জিয়ারত করেন। মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাবিব।
তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত পরিবারের সদস্যদের পাশে বিএনপি দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে শহীদদের পুনর্বাসন ও সার্বিক সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
হাবিব আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক '৩৬শে জুলাই' জনগণের মধ্যে যে অভাবনীয় ঐক্য সৃষ্টি করেছিল, সেই চেতনা ও ঐক্যকে ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।