শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এইচএসসি ফলাফলের জন্য বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

এইচএসসি পরীক্ষার ফলাফলের জন্য বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস আলম।

এইচএসসি ফলাফলের জন্য বিএনপিকে ধন্যবাদ জানালেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিএনপি সরকারের প্রশংসা করেছেন। শনিবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার মাত্র ৫২ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার পরীক্ষার্থী। তিনি এই ফলাফলকে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এইচএসসি পরীক্ষার ফল নিয়ে আমি বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে চাই। কারণ, ফলাফলে প্রকৃত চিত্র বের হয়ে এসেছে।” শিক্ষার্থীদের পড়াশোনার মান কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি, মাদকের বিস্তার এবং পড়াশোনা থেকে দূরে সরে যাওয়ার বিষয়গুলোকে দায়ী করেন তিনি।

সারজিস আলম বলেন, “এ পরিস্থিতির জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার দায় রয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।”

আওয়ামী লীগের শাসনামলে পরীক্ষার ফলাফলের সমালোচনা করে তিনি দাবি করেন, “আওয়ামী লীগের সময়ের ফলাফলগুলো ছিল মাকাল ফলের মতো। তখন পাসের হার ছিল ৯০ শতাংশ, কিন্তু অনেক শিক্ষার্থী ইংরেজিতে একটি লাইনও লিখতে পারত না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এবং সভাপতিত্ব করেন দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন