পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। রোববার সকাল ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের তেঁতুলিয়া রোডের এমআর কলেজ মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি কর্মীদের বরাত দিয়ে জানা যায়, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকদের সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এ সময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। সংঘর্ষের সূত্রপাত ঘটে সকালে জেলা বিএনপি কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদের উপস্থিতিতে একটি মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় উত্তেজনা ও হট্টগোলের কারণে।