ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের লোকজন ও তার আশপাশের বন্ধুরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুলে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি বলেন, "কালীগঞ্জের এমপি আনার সাহেবকে পার্শ্ববর্তী ভারতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মরদেহের অস্তিত্বও রাখা হয়নি।"
রাশেদ খাঁন আরও বলেন, কালীগঞ্জকে অনেকে চোরাকারবারের এলাকা হিসেবে নেতিবাচকভাবে দেখেন। এখানে মাদকের ব্যবসায়ী ও সেবনকারী রয়েছে। সামাজিক বন্ধনের অভাব ও বিভিন্ন ধরনের মারামারির ঘটনাও রয়েছে, যা কালীগঞ্জের নেতিবাচক পরিচিতি তৈরি করেছে।
তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, "কালীগঞ্জের এই বদনাম ঘোচাতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।" শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমাদের মধ্যে অনেকেই হয়তো কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, কিন্তু হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে রাশেদ খাঁন এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী এবং বিভিন্ন রাজনৈতিক ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।