বিএনপির উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারির জবাব দিয়েছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেন, বিএনপি যদি পাহারা না দিত, তাহলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে রাশেদ খান বলেন, "এনসিপির এক নেতা ইরান থেকে ফিরে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠানোর হুমকি দিয়েছে! অথচ বিএনপি যদি আওয়ামী লীগকে একটু রিলাক্স দেয়, আওয়ামী লীগের নেতারাই তাগো বঙ্গোপসাগরে পাঠিয়ে দিবে।"
তিনি আরও মন্তব্য করেন, "বিরোধীদলের নেতাদের পাহারা দিয়ে রেখেছে বিএনপি, নতুবা বহু আগে আওয়ামী লীগ নামের হাঙ্গর এসব নেতাদের গিলে খেয়ে ফেলতো।" রাশেদ খান বলেন, "আওয়ামী লীগকে যে এখনো মাঠের বাইরে, এটা বিএনপির প্রতিরোধের কারণেই।"
এছাড়া, তিনি উল্লেখ করেন, "৫ আগস্টের পরে সরকারি টাকাপয়সা কামিয়ে এসব নেতাদের শরীরে তেলচবর জমেছে। সেজন্য তারা বৃষ্টির দিনে জোস নিয়ে গরম বক্তব্য দিয়ে শরীরটা ফিট করতে চাচ্ছে।"
রাশেদ খান আরও জানান, "বর্তমানেও সরকারি পাহারায় থেকে সরকারের কানাকড়িও ছেঁড়া যাবে না। গত বছরের জুলাই পদযাত্রায় কেন ধস নামলো, সেই চিন্তা করা উচিত।" তিনি বলেন, "জামায়াতের চৌদ্দগুষ্টি উদ্ধার করে ভোটের আগে ও পরে জিকির করা যে, আমি তো শিবিরের সাথী ছিলাম! মানুষ এই নয়া ভণ্ডবস্ত বুঝতে পেরেই মুখ ফিরিয়ে নিয়েছে।"
রাশেদ খান প্রশ্ন করেন, "মোদ্দা কথা, জামায়াত নামের হাঙ্গর ইতোমধ্যে এনসিপিকে গিলে ফেলেছে! আগে নিজেরা বাঁচবেন, না কি বিএনপিকে বঙ্গোপসাগরে ফেলবেন?"