আগামীকাল সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
সফরের শুরুতে সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলার বাড়াজোর ইউনিয়নে সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সাড়ে ১২টায় নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি।
বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলীয় সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী তার সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলবাসীর প্রত্যাশা পূরণের স্বপ্ন দেখছেন।
স্থানীয়রা আশা করছেন, বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের ঘোষণা আসবে। এই সফর সম্পর্কে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “আমরা প্রধানমন্ত্রী আসার জন্য অপেক্ষা করছি।”
এদিকে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে নগরীতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগরীর কাকলীর মোড় এলাকা থেকে র্যালিটি বের হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান এই প্রথম বরিশাল সফর করছেন। বরিশাল তথা দক্ষিণাঞ্চলবাসীর উন্নয়নে আমরা তার অধির আগ্রহে বসে আছি।”