সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

হাতিয়ায় ফেরি ঘাটে ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলার অভিযোগ

হাতিয়ায় ফেরি ঘাটে ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলার অভিযোগ উঠেছে।

হাতিয়ায় ফেরি ঘাটে ফিরিয়ে এমপি হান্নান মাসউদকে তোলার অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রী ও পণ্যবাহী একটি ফেরি মাঝনদী থেকে ঘুরিয়ে ঘাটে ফিরিয়ে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল হান্নান মাসউদকে তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে ১১ জুলাই শনিবার বিকেলে চেয়ারম্যান ঘাটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টায় ফেরি মহানন্দা যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি প্রায় ২০ মিনিট পর সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ গাড়িতে করে চেয়ারম্যান ঘাটে পৌঁছান।

অভিযোগ রয়েছে, এমপিকে নিতে ফেরিটি মাঝপথ থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর এমপি ও তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের নিয়ে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেন।

ঘাটের ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়ার প্রায় ২০ মিনিট পর এমপিকে নিতে ফেরিটি ঘাটে ফিরিয়ে আনা হয়।

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম জানান, সংসদ সদস্য ফেরি ছাড়ার পর ফেরি কর্তৃপক্ষের ম্যানেজারকে ফোন করেন। পরে ম্যানেজারের নির্দেশে ফেরিটি ঘাটে ফিরিয়ে এনে তাকে ওঠানো হয়।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন এমপি আবদুল হান্নান মাসউদ। তিনি জানান, সরকারি কাজেই তার জরুরি ভিত্তিতে হাতিয়া যাওয়া প্রয়োজন ছিল। ফেরিটি ঘাট থেকে খুব বেশি দূরে যায়নি এবং তিনি ফেরি ছাড়ার এক মিনিটের মধ্যেই ঘাটে পৌঁছেছিলেন। এমপি আরও দাবি করেন, বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

বিজ্ঞাপন