সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। সৎ সাহস থাকলে সামনে আসেন।’
রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ‘এই যে পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব কিন্তু বাংলাদেশের মাটিতে হবে।’
তিনি আরও বলেন, ‘যদি সৎ সাহস থাকে তাহলে আইন আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন। তাহলে তো পালিয়ে থাকার দরকার নাই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও দরকার পড়ে না।’
ডা. জাহিদ হোসেন উল্লেখ করেন, আওয়ামী লীগ নেতৃত্ব বুঝতে পারে যে, তাদের দেশের অবস্থান কোথায়। সেই জন্যই তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আইনকে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার যে চেষ্টা করছে তা মেনে নেবে না। দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘১৭ বছর এই দেশের মানুষ অনির্বাচিত সরকার দেখেছে। তারা বিভিন্ন সময় মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে এবং তাদের সৎ সাহস ছিলো না দেশে থাকার মতো।’
তিনি জানান, বিএনপি সবসময় গণতন্ত্র পুনর্বাসনের জন্য মাঠে থেকে দায়িত্ব পালন করেছে, যদিও তাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে।
এ সময় পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ডা. জাহিদ হোসেন জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির এক সভায় যোগ দেন।